রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর পর আবারও প্রশ্ন উঠেছে বিল্ডিং কোড নিয়ে। পরিদর্শনে গিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের নিরাপত্তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা জানান, নিয়ম অনুযায়ী হাসপাতালে স্প্লিট এসি ব্যবহার করা না গেলেও আদ-দ্বীনে সেই কাজটিই করা হয়েছে। যদিও তাদেরকে ওয়ার্ড পরিদর্শন করতে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় আবারও প্রশ্নের মুখে স্বাস্থ্যসেবার মান আর অবকাঠামোগত নিরাপত্তা। যেখানে মানুষ যাচ্ছেন জীবন রক্ষার তাগিদে, সেই হাসপাতালে অবহেলায় শিশুমৃত্যুতে কাঠগড়ায় কর্তৃপক্ষ। এমনকি হাসপাতালের মতো স্পর্শকাতর স্থাপনায় বিল্ডিং কোড মানা হচ্ছে কিনা, তা নিয়েও উঠছে নানা প্রশ্ন।
বুধবার (২৭ মে) বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে আসেন শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করা কয়েকজন বিশেষজ্ঞ। তারা হাসপাতালের ভেতরে ঘুরে এসি দেখতে চাইলেও পাননি কর্তৃপক্ষের অনুমতি।
পরে সাংবাদিকদের তারা বলেন, ঝুঁকিপূর্ণ হওয়ায় ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী হাসপাতালে স্প্লিট এসি বসানো নিষিদ্ধ। কিন্তু বিল্ডিং কোডের সেই নির্দেশনা অমান্য করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
টেকনিক্যাল এক্সপার্ট প্রকৌশলী হাসমতুজ্জামান বলেন, হাসপতালের ক্লিন স্পেসের জন্য কোনো স্প্লিট কিংবা কোনো ভিআরএফ অথবা উইন্ডো টাইপ এসি ব্যবহার করা নিষিদ্ধ। সেটা স্পষ্ট করে লিখা আছে। এর কারণ হচ্ছে, ওই গ্যাস থেকে লিকেজ হলে সেখানে থাকা লোকজন দৌড়ে যেতে পারবে না। ফলে তারা আক্রান্ত হয়ে যাবে। এজন্য আমাদের ন্যাশনাল বিল্ডিং কোডে এটা স্পষ্ট করে নিষিদ্ধ করা আছে।
হাসপাতাল পরিদর্শনে এসে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম আশা প্রকাশ করেন, তদন্তে বেরিয়ে আসবে প্রকৃত চিত্র।
জানা যায়, মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল ১১ জন মা ও ছয় শিশু। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ঠান্ডা অনুভব করায় এক মা নার্সকে এসি বন্ধ রাখতে অনুরোধ করেছিলেন। সেই অনুযায়ী নার্সও প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখেন। কিন্তু পরে গরম লাগায় আবার এসি চালু করা হয়। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে দুই নবজাতক। তাদের নিতে বলা হয় এনআইসিইউতে। ধীরে ধীরে সংখ্যা বাড়তে থাকে। মারা যায় ছয়জন।
প্রাথমিক ধারণা করা হচ্ছে, পোস্ট অপারেটিভ ওয়ার্ডের এসি এক ঘণ্টা বন্ধ থাকায় মারা গেছে কোমলমতি শিশুরা। স্বজনরা এর জন্য হাসপাতালের ডাক্তার ও নার্সদের দায়িত্ব অবহেলাকে দুষছেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ ঘটনায় এরইমধ্যে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



