রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় বিকাশের দোকান মালিককে কুপিয়ে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. মামুনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত ১৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে শেখেরটেকের মফিজবাগ এলাকার একটি বিকাশের দোকানে সংঘবদ্ধ ডাকাত দলের কয়েকজন সদস্য প্রবেশ করে। তারা দোকান মালিক মো. শফিকুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর ভুক্তভোগী শফিকুল ইসলাম আদাবর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে এর আগে এজাহারভুক্ত দুই আসামি এবং সন্দেহভাজন আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
তদন্তের ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৩টার দিকে গাজীপুর মহানগরের গাছা থানার ফকির মার্কেট এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে মামলার এক নম্বর আসামি মামুনকে আটক করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের কাছে জানা গেছে, মামুন একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে চক্রটি আদাবর, মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। পুলিশের তথ্য অনুযায়ী, মামুনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সাতটি মামলা রয়েছে এবং তার নামে একটি গ্রেফতারি পরোয়ানাও ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



