বিএনপির সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, দেশে রাজনৈতিক দখলদারি ও চাঁদাবাজি এখনো বন্ধ হয়নি। তিনি বলেন, একসময় যে দলটি জাতীয়তাবাদী দল হিসেবে পরিচিত ছিল, এখন জনগণের মধ্যে সেটিকে ‘চাঁদাবাজি দল’ হিসেবে অভিহিত করা হচ্ছে।

শনিবার (১৬ মে) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সুশাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় ১৬টি অধ্যাদেশ বাস্তবায়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এসব উদ্যোগ বাস্তবায়িত না হলে সংসদের পাশাপাশি রাজপথেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই দেশ প্রায় ২০ কোটি মানুষের। প্রত্যেক নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং নিজেদের অধিকার রক্ষায় সচেতন পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, কারও দয়া বা অনুগ্রহে অধিকার প্রতিষ্ঠিত হবে না; বরং সংগ্রামের মাধ্যমে অধিকার আদায় করতে হবে।
শফিকুর রহমান বলেন, কাউকে ভয় দেখিয়ে জনগণের অধিকার আদায় থেকে বিরত রাখা যাবে না। যারা নিজেদের আদর্শের জন্য আত্মত্যাগ করতে পারে, তাদের ভয় দেখানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিবেশী দেশের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশ সবসময় প্রতিবেশী রাষ্ট্রকে সম্মান করে এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। তবে ধর্মীয় পরিচয়ের কারণে কোনো সম্প্রদায়ের ওপর নির্যাতন বা বৈষম্য হলে তা গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের দেশ। এই দেশের প্রতি কোনো ধরনের চোখ রাঙানো বা হুমকি দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না। শান্তি বজায় রাখাই সবার স্বার্থে জরুরি, নচেৎ পারস্পরিক অশান্তি তৈরি হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



