ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে গ্যালারিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা। পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বুধবার (১০ জুন) শুরু হওয়া বয়সভিত্তিক আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন (আইএইচএফ) ট্রফিতে দারুণ সূচনা করেছে বাংলাদেশ।

অনূর্ধ্ব-২০ বিভাগের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৪৩-২২ গোলে আফগানিস্তানকে পরাজিত করে। প্রথমার্ধেই স্বাগতিক দল ১৯-১৩ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৯টি গোল করেন মোহাম্মদ রনি হাসান।
জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেন অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক রাতুল উদ্দিন। তিনি বলেন, আফগানিস্তানের বিপক্ষে আগে খেলার অভিজ্ঞতা না থাকলেও দলের আত্মবিশ্বাস ছিল ভালো পারফর্ম করার। প্রথমার্ধে ইনজুরিতে পড়লেও সতর্কভাবে খেলা চালিয়ে যান তিনি। তার মতে, ম্যাচের যেকোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারত, তবে শেষ পর্যন্ত জয় পাওয়ায় দল আত্মবিশ্বাসী হয়েছে, যা পরবর্তী ম্যাচগুলোতে সহায়ক হবে।
এর আগে ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভারত ৫৩-৩১ গোলে ইয়েমেনকে হারিয়ে টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করে। ভারতের শিবা কুমার একাই করেন সর্বোচ্চ ১১ গোল।
অন্যদিকে, টুর্নামেন্টের আরেকটি ম্যাচে মালদ্বীপ ৩৮-২১ গোলে আফগানিস্তানকে এবং ভারত ৪৯-২৭ গোলে নেপালকে পরাজিত করে।
আগামীকাল (১১ জুন) অনূর্ধ্ব-২০ বিভাগে বাংলাদেশের কোনো ম্যাচ নেই। বিকেলে নেপাল মুখোমুখি হবে ইয়েমেনের, আর মালদ্বীপ খেলবে আফগানিস্তানের বিপক্ষে।
সকালে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা নিয়ে অংশ নেন বিভিন্ন দেশের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদসহ অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



