প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। খসড়া ফলাফল তৈরির কাজ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তা চূড়ান্ত যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সাত কার্যদিবসের মধ্যেই ফল প্রকাশ করা হতে পারে।

শনিবার (১৩ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তাদের ভাষ্য, ফলাফলে কোনো ধরনের ভুল বা অসঙ্গতি এড়াতে বিস্তারিতভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর ফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হবে।
অধিদপ্তরের প্রশাসন বিভাগের এক কর্মকর্তা জানান, বর্তমানে প্রাথমিক শিক্ষার্থীদের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং শিক্ষা পদক কার্যক্রমসহ বিভিন্ন দায়িত্ব নিয়ে কর্মকর্তারা ব্যস্ত রয়েছেন। ফলে ফলাফল প্রস্তুতের কাজ কিছুটা ধীরগতিতে এগোলেও তা দ্রুত শেষ করার চেষ্টা চলছে। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ফল প্রকাশ করা হবে।
যেভাবে জানা যাবে ফলাফল
ফল প্রকাশের পর অভিভাবক ও শিক্ষার্থীরা অনলাইন এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস (IPEMIS) পোর্টালে ফলাফল প্রকাশ করা হবে। এছাড়া এসএমএসের মাধ্যমে ফল জানার পদ্ধতিও ফল প্রকাশের আগে জানিয়ে দেওয়া হবে।
পরীক্ষায় অংশগ্রহণ
আইনি জটিলতার কারণে কয়েক দফা পিছিয়ে গত ১৫ থেকে ১৮ এপ্রিল প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় সাড়ে ছয় লাখ শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষার শুরু হয় বাংলা বিষয়ের মাধ্যমে এবং শেষ হয় বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে।
এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৪০ হাজারের বেশি। এর মধ্যে প্রায় সাড়ে পাঁচ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার বেসরকারি (কিন্ডারগার্টেন) শিক্ষার্থী।
বৃত্তি পাবে কতজন
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৬ হাজার এবং বেসরকারি বিদ্যালয়ের ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তির আওতায় আসবে।
বৃত্তির ধরন ও অর্থের পরিমাণ
বৃত্তি দুই ধরনের হবে—ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি।
* ট্যালেন্টপুল বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী। তারা মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে।
* সাধারণ বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী। তারা মাসে ২২৫ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণি পাসের পর পরবর্তী দুই বছর পর্যন্ত এই আর্থিক সুবিধা ভোগ করতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



