সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে দেশের উন্নয়ন ও আধুনিকায়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচনা করছে। এআই ব্যবহার করে নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্যে আগামী ২০২৭-২৮ অর্থবছরে ৫০০ কোটি টাকার বরাদ্দের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, এআই, ইলেকট্রনিক্স শিল্প এবং তরুণদের উদ্ভাবনী সক্ষমতা দেশের ভবিষ্যৎ উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে। সরকার এআই প্রযুক্তিকে সুযোগ হিসেবে নিয়ে স্মার্ট সিটি নির্মাণ, নাগরিক সেবার ডিজিটালাইজেশন এবং প্রশাসনিক কার্যক্রমে আধুনিকতা আনার উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় এআই অন্তর্ভুক্ত করে তরুণদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে স্টার্টআপ, ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েটর এবং এআই নির্ভর উদ্যোক্তা তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরকারি সেবা প্রদানে এআই-চালিত ডাটা সেন্টার ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ আরও দ্রুত ও কার্যকর করার পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী। এতে প্রশাসনে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, এই উদ্যোগগুলো বাংলাদেশকে একটি প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী এবং আত্মনির্ভরশীল অর্থনীতিতে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া তথ্যপ্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের উৎসাহ দিতে আগামী বাজেটে স্টার্টআপ তহবিল হিসেবে এই অর্থ বরাদ্দ দেওয়া হবে, যা নারী উদ্যোক্তা ও তরুণদের উন্নয়নেও ব্যবহৃত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



