আজ পহেলা ফাল্গুন— শীতের ধূসরতা ঝরিয়ে ঋতুরাজ বসন্তের আগমনের শুভক্ষণ। প্রকৃতির রঙিন আহ্বানে জেগে ওঠার দিন। একই সঙ্গে আজ বিশ্ব ভালোবাসা দিবস, ফলে প্রকৃতি আর হৃদয়ের আবেগ যেন এক সুতোয় গাঁথা হয়ে উঠেছে।

শিমুল-পলাশের রক্তিম আভায় সেজেছে চারদিক। গাছের নতুন পাতায় সবুজের উচ্ছ্বাস, দক্ষিণা বাতাসে মৃদু দোল, আর কোকিলের কুহুতান— সব মিলিয়ে বসন্তের বার্তা ছড়িয়ে পড়েছে নগর থেকে প্রান্তরে। প্রকৃতির এই রঙ যেন ছুঁয়ে যাচ্ছে মানুষের মনকেও।
ভোরের আলো ফুটতেই রাজধানীর অলিগলি, সাংস্কৃতিক প্রাঙ্গণ ও উন্মুক্ত চত্বরে শুরু হবে উৎসবের আমেজ। সূর্যের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে মানুষের ভিড় ও রঙের উচ্ছ্বাস। সবকিছু ঠিক থাকলে শনিবার (১৪ ফেব্রুয়ারি) শাহবাগ, টিএসসি ও চারুকলা এলাকা রূপ নেবে এক বিশাল জনসমুদ্রে।
বাসন্তী রঙের শাড়ি, পাঞ্জাবি আর লালের ছোঁয়ায় পার্ক-মাঠ-প্রাঙ্গণ পাবে এক মায়াবী রূপ। প্রিয়জনদের মাঝে ফুল ও উপহার বিনিময়ের আনন্দে মুখর হবে দিনটি। তরুণ-তরুণীদের হাসি, গানে-আড্ডায় জমে উঠবে বসন্তবরণ।
শিমুল-পলাশের আগুনরাঙা সৌন্দর্য যেন জানিয়ে দিচ্ছে— নতুন শুরুর সময় এসেছে। শহুরে ব্যস্ততার মাঝেও দক্ষিণা বাতাসে ভেসে আসা নতুন পাতার মর্মর ধ্বনি মনে করিয়ে দেবে জীবনের পুনর্জাগরণ।
নির্বাচন-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় রাজধানীসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে সবাই নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারেন।
বসন্তের এই প্রথম প্রহরে সবার প্রত্যাশা একটাই— সব জরা, ক্লান্তি আর গ্লানি পেরিয়ে ভালোবাসা ও সম্প্রীতিতে ভরে উঠুক প্রতিটি হৃদয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


