একক অভিনয়ের নাটক ‘লাল জমিন’-এর সাফল্যের পর নতুন একটি একক নাটক নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন মোমেনা চৌধুরী। নতুন নাটকের নাম ‘গোধূলি বেলায়’। নাটকটি রচনা করেছেন তিনি নিজেই এবং নির্দেশনা দিয়েছেন শামীম সাগর।

আজ ২৮ মার্চ ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ০৬ টা ৪৫ মিনিটে নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
মোমেনা চৌধুরী বলেন, “জীবনের এই গোধুলি বেলায় এসে মানুষের আর কোনো চাওয়া পাওয়া থাকে না। শুধুই একজন ভালো বন্ধুর প্রয়োজন হয়। যার সঙ্গে মন খুলে কথা বলা যায়, চোখে চোখ রেখে চায়ের কাপে চুমুক দেওয়া যায়। যাইহোক, আজ আবার নাটকটি নিয়ে হাজির হচ্ছি শিল্পকলায়। আশা করছি আপনাদের ভালো লাগবে গোধূলি বেলায়।”
গত জুনে নিউইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছিল। নিউইয়র্কের পর দেশের মঞ্চে গত ৮ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এটি প্রদর্শিত হয়। এটি মোমেনা চৌধুরীর লেখা দ্বিতীয় মঞ্চনাটক।
নাটকের গল্পে দেখা যায়, ৫০তম বিবাহবার্ষিকীর দিনে এক মা স্মৃতির জগতে ফিরে যান। সেখানে ধরা পড়ে তার জীবনের চাপা কান্না, লাঞ্ছনা ও বঞ্চনার বেদনা। প্রেম, সংসার ও মাতৃত্বের আড়ালে থাকা এক নারীর নিঃশব্দ প্রতিবাদ পুরো নাটকে ফুটে ওঠে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
মোমেনা চৌধুরী বলেন, “নারীকে ঘিরে থাকা শরীর, সম্মান, স্বপ্ন ও অপমান এগুলোকে সামনে এনে এই নাটক আমাদের সামনে প্রশ্ন ছুড়ে দেয়। যদি এটি কাউকে তার নীরব প্রতিবাদের ভাষা দিতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় সাফল্য।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


