এ যেন এক বিভীষিকার রাত। এক রাতেই খুন হলেন ৫ জন। তাও আবার পরিবারের সদস্যের হাতেই। গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক গৃহবধূ, তার তিন সন্তান ও ভাইকে গলা কেটে হত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোপালগঞ্জে।

নিহতদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি উত্তর চরপাড়া গ্রামে। শনিবার ভোর রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শারমিন আক্তার, তার তিন সন্তান মিম, মারিয়া, ফারিয়া এবং তার ভাই রসুল হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শারমিন গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি উত্তর চরপাড়া গ্রামের শাহাদাত মোল্লা চৌকিদারের মেয়ে। তারা দীর্ঘদিন ধরে গাজীপুরে বসবাস করতেন। ঘটনার পর থেকে শারমিনের স্বামী ফোরকান মিয়া পলাতক। পুলিশ ও স্বজনদের প্রাথমিক ধারণা, তিনিই এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে গেছেন।
শনিবার সকালে ঘটনাটি জানাজানি হলে নিহতদের গ্রামের বাড়ি গোপালগঞ্জে শোকের মাতম নেমে আসে। স্বজন ও এলাকাবাসী এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তিন নাতি ও ছেলে এবং মেয়ে হত্যার খবর শুনে বারবার মুর্ছা যাচ্ছেন নিহত শারমিন আক্তার ও রসুলের মা ফিরোজা বেগম। কেন এই হত্যাকাণ্ড ঘটলো, তার বিচার চেয়েছেন তিনি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও মরদেহ গ্রামে পৌঁছায়নি। তবে থামেনি আহাজারি। নির্মম এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন স্থানীয়রা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


