ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সারাদেশে এখন পর্যন্ত উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ভোটগ্রহণ চলছে। তবে দুই এক জায়গায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এহসান মাহবুব জুবায়ের।

আজ বৃহস্পতিবার রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
জুবায়ের বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে একটি প্রাণবন্ত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দেশবাসী স্বতঃস্ফূর্তভাবে বিপুল সংখ্যায় ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন। নারী-পুরুষ, তরুণ ও প্রবীণ ভোটারদের সারিবদ্ধ উপস্থিতি প্রমাণ করে মানুষ ভোটাধিকার প্রয়োগে আগ্রহী।’
তিনি দাবি করেন, সারাদেশে সাধারণ ভোটাররা আনন্দমুখর পরিবেশে ভোট দিচ্ছেন এবং নির্বাচন ঘিরে মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
একই সঙ্গে চলমান গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘গণভোটে ‘‘হ্যাঁ’’ ভোট বিজয়ী হওয়ার মাধ্যমে দেশের ভবিষ্যৎ বিনির্মাণ হবে বলে আমরা আশা করছি।’
তিনি জানান, দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোট দিয়েছেন। এ ছাড়া অন্যান্য জাতীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক করেছে।
তবে কিছু এলাকায় বিচ্ছিন্ন ঘটনার অভিযোগও তুলে ধরেন জুবায়ের। তিনি বলেন, বরিশালের ভোলা-২ আসন, নোয়াখালীর হাতিয়া এবং কুমিল্লা-২ আসনে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড ও অশান্তির খবর পাওয়া গেছে। যারা এসব কর্মকাণ্ড ঘটাচ্ছে, তারা মূলত হতাশা থেকে এমন আচরণ করছে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল। তিনি সংশ্লিষ্ট এলাকায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জোর দিয়ে বলতে চাই, প্রশাসন যেন কোনো দলের দিকে হেলে না পড়ে। নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে। ভোটাররা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে প্রশাসনকে আরও সতর্ক থাকতে হবে। অন্যায়ের কাছে প্রশাসন যেন মাথা নত না করে।’
সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করে জুবায়ের বলেন, ‘এখন পর্যন্ত খুব বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমাদের নজরে আসেনি। আমরা আশা করছি, দিনের বাকি সময়ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।’
সংবাদ সম্মেলনে গণমাধ্যমের প্রতিও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান এহসান মাহবুব জুবায়ের। তার ভাষ্য, ‘২৪ পরবর্তী সময়ে আমরা আশা করি মিডিয়া কোনো দলের পক্ষপাতমূলক আচরণ করবে না। গতকাল কিছু গণমাধ্যমের অবস্থান নিয়ে আমরা হতাশ হয়েছি।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সবশেষে তিনি বলেন, ‘প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে, এটাই আমাদের প্রত্যাশা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


