নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডসহ আট কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা প্রশাসন। সরকারি দপ্তরে দায়িত্ব পালনকালে অনুপস্থিত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২৮ জুন সকাল ৯টায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকস্মিকভাবে সংশ্লিষ্ট দপ্তর পরিদর্শনে যান। পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্মস্থলে উপস্থিত পাওয়া যায়নি।
নোটিশে আরও বলা হয়, সরকারি দায়িত্ব পালনের নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা সরকারি নির্দেশনার পরিপন্থী এবং এটি অসদাচরণের শামিল। এ ধরনের আচরণ সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য বিধি-বিধানের লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।
এ কারণে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা-২০২৪ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। কেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাপ্ত জবাব পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



