বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এখন পর্যন্ত কোথাও কেন্দ্র দখলের কোনো তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারিধারা ডিওএইচএসে অবস্থিত স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই সবাই উৎসবের আমেজে ভোট প্রদান করুক। মহান আল্লাহর রহমতে একটি ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন অনুষ্ঠিত হবে।”
একজনের ভোট অন্যজন দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের একটি ভিডিওর কথা তিনি শুনেছেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ভিডিওটি তাকে সরবরাহ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে তার মতে, বর্তমান ব্যবস্থাপনায় অন্যের ভোট দেওয়ার সুযোগ খুবই সীমিত।
দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা স্বীকার করে তিনি বলেন, “দু-একটি ছোটখাটো ঘটনা ঘটেছে, তা অস্বীকার করছি না। তবে আমরা চাই নির্বাচন আরও বেশি শান্তিপূর্ণ হোক।”
কেন্দ্র দখল সংক্রান্ত প্রশ্নে তিনি স্পষ্টভাবে জানান, এ ধরনের কোনো অভিযোগ বা তথ্য তাদের কাছে আসেনি। একইসঙ্গে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, যেন তারা সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন।
তিনি বলেন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় সাংবাদিকদের সত্যনিষ্ঠ প্রতিবেদনের কারণেই বিদেশি কিছু গণমাধ্যমের অপপ্রচার মোকাবিলা করা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় নির্বাচন নিয়েও যাতে গুজব ও বিভ্রান্তি ছড়াতে না পারে, সে জন্য দায়িত্বশীল সংবাদ প্রকাশের ওপর জোর দেন তিনি।
সবশেষে তিনি জনগণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নির্বাচনকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার আশ্বাস প্রদান করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


