ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত হন অভিনয়শিল্পী, নির্মাতা ও গায়ক-গায়িকারা। ভোট দেয়ার মুহূর্তের ছবি ও অনুভূতি তারা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

অভিনেত্রী আজমেরী হক বাঁধন জানান, তিনি ঢাকা ১৬ আসনের ভোটার। বাবা–মাকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন তিনি। নির্বাচন নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে বাঁধন বলেন, আমি একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখছি। এভাবেই একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়ে দেশ গঠনে কাজ করবে। সকল ধর্ম–বর্ণের মানুষের জন্য একটি নিরাপদ দেশ হবে, সেটাই প্রত্যাশা। আগামীর বাংলাদেশ একটি সাম্যের দেশ হবে। এখানে সবাই সবার অধিকার বুঝে পাবে।
ভোট দেয়ার পর নিজের ফেসবুক পোস্টে বাঁধন লেখেন, আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত। ভালো করেছো, বাংলাদেশ। কী নির্ঘুম রাত কেটেছে আর কী স্বস্তির সকাল। নিজেকে কৃতজ্ঞ, সফল ও গভীরভাবে গর্বিত মনে হচ্ছে।
পোস্টে সাম্প্রতিক সমালোচনার প্রসঙ্গও টানেন এই অভিনেত্রী। তিনি লেখেন, যারা আমাকে ‘বোরকা কিনতে’ বলেছিল, তাদের জন্যই এই ছবি। ছোটবেলা থেকেই আমি নিয়মিত বোরকা পরি। আমার কাছে এটি আরেকটি পোশাক এর বেশি কিছু নয়। কখনো পায়জামা ঢাকতে, কখনো তেল দেয়া চুল আড়াল করতে, কখনো জনসমাগমে মিশে যেতে এতটাই সহজ।
ট্রোল ও সমালোচকদের উদ্দেশে তিনি আরও লেখেন, যারা ট্রোল, অপমান বা হেনস্তা করার চেষ্টা করেছেন—এই বার্তাটি তাদের জন্যও।
নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বাঁধন বলেন, যারা জিতেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা। আর যারা জিততে পারেননি, তাদের জন্যও অভিজ্ঞতাটাই এক ধরনের বিজয়। শেষে তিনি বলেন, এটাই আমাদের দেশ। সম্মান ও ঐক্য নিয়েই আমাদের সামনে এগোতে হবে। সেটাই চূড়ান্ত লক্ষ্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


