স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা মহানগরী এখন নাগরিকদের বসবাসের জন্য ক্রমেই অনুপযোগী হয়ে উঠছে। ঘর থেকে বের হলেই দূষিত বাতাসের মুখোমুখি হতে হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

শনিবার রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম ‘দক্ষিণের জানালা’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ঢাকা শহরের অবস্থা এমন যে, একটি হাসপাতালে গেলে সেখানে ঢোকাও কঠিন হয়ে পড়ে, বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে। প্রতিটি প্রতিষ্ঠানই ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে।”
বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নদীর কাছে এখন আর যাওয়া যায় না। দুর্গন্ধ ও দূষণের কারণে পরিস্থিতি ভয়াবহ। তার মতে, ঢাকার বিভিন্ন রোগ-ব্যাধির অন্যতম প্রধান উৎস হতে পারে এই বুড়িগঙ্গার দূষিত পানি।
তিনি আরও বলেন, “আমার নিজেরই এখন মনে হয়, আমি আর এই ঢাকা শহরে থাকতে চাই না। নিজের দেশের অন্য কোনো শহরে গিয়ে থাকতে চাই, কারণ এই শহর এখন আর বাসযোগ্য মনে হয় না।”
প্রকল্পনির্ভর উন্নয়ন নিয়ে সমালোচনা করে তিনি বলেন, নীতিনির্ধারণী পর্যায়ে হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছে, তা যথাযথভাবে মূল্যায়ন করা হয় না। প্রকল্প শেষ হলেই কার্যক্রমও শেষ হয়ে যায়—এমন প্রবণতা থেকে বের হয়ে আসা প্রয়োজন।
তিনি আরও বলেন, বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করার মতো গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক।
অনুষ্ঠানে ‘দক্ষিণের জানালা’ উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এই ধরনের আন্দোলন নগরবাসীকে সচেতন করবে। তবে শুধু আন্দোলন নয়, এর বাস্তবায়নের জন্য কাঠামোগত পরিবর্তনও জরুরি বলে তিনি মত দেন।
সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ঢাকা শহর সবার, এটি কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। তিনি বলেন, “আমি যদি বদলাই, তাহলে ঢাকা বদলাবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারসহ অন্যান্য অতিথিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



