ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত “আন্তর্জাতিক আবিষ্কার ও উদ্ভাবন প্রতিযোগিতা” এবং “উদ্ভাবন বিশ্বকাপ”-এ প্লাটিনাম অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) অর্জন করেছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের (ইংরেজি ভার্সন) দশম শ্রেণির শিক্ষার্থী এম এ সায়েম প্রিয়ন্ত।

শনিবার (৬ জুন) সকালে জাকার্তার ইউনিভার্সিটি নেগরি মিলনায়তনে ভাইস রেক্টর (কোঅপারেশন অ্যান্ড বিজনেস) ড. অ্যন্ডি হাদিয়ান্তো বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
এর আগে ৪ ও ৫ জুন, বৃহস্পতি ও শুক্রবার, ১৭টি দেশের ৪৭০টি দলের অংশগ্রহণে দুই দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন উদ্ভাবনী বৈজ্ঞানিক প্রকল্পের মধ্যে থেকে শীর্ষ অবস্থানে থাকা ৩০টি দলকে পুরস্কারের জন্য নির্বাচন করা হয়।
স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক ও সচেতন মহল মনে করছেন, এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী গবেষণায় আরও উৎসাহিত করবে।
মতলবের এই মেধাবী শিক্ষার্থীর সাফল্যে গর্বিত চাঁদপুরবাসী। তারা আশা করছেন, ভবিষ্যতেও এম এ সায়েম প্রিয়ন্ত আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করে বাংলাদেশকে বিশ্বদরবারে আরও উজ্জ্বলভাবে উপস্থাপন করবে। তার এই অর্জন চাঁদপুর জেলা তথা সমগ্র বাংলাদেশের জন্য এক অনন্য গৌরবের বিষয়।
শিক্ষার্থী প্রিয়ন্তের বাবা মতলব উত্তর সুজাতপুর ডিগ্রি কলেজের শিক্ষক মো. ওমর ফারুক অভি এবং মা মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা আক্তার সন্তানের সাফল্যে আনন্দিত ও গর্বিত। তারা সকলের কাছে দোয়া চেয়েছেন এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা জাপান প্রবাসী বেলায়েত হোসেন জুলহাস এবং অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল বলেন, কেএফটি কলেজিয়েট স্কুল শিক্ষার্থীদের উদ্ভাবনী ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহ ও প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রিয়ন্তের এই অর্জনে তারা আনন্দিত এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীল কাজে আরও সম্পৃক্ত করে প্রশিক্ষণ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



