মোঃ সোহাগ হাওলাদার : সাভারের আশুলিয়ায় নির্বাচনী ব্যানার অপসারণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের হাসান কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী দেওয়ান সালাউদ্দিন বাবুর ব্যানার নিয়ে তার সমর্থক কিবরিয়া ও আলম পারভেজ বুলেটের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বুলেট তার সহযোগীদের নিয়ে ওই নির্বাচনী অফিস ও একটি চায়ের দোকানে হামলা চালায়। বাধা দিতে গেলে কয়েকজনকে বেধড়ক মারধর করা হয়।

সংঘর্ষে গুরুতর আহত তৌহিদ নামের একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, “এটি পরিকল্পিত কোনো ঘটনা নয়। ব্যানার নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সামান্য উত্তেজনা তৈরি হয়। পরে উভয় পক্ষ বিষয়টি মিটমাট করে নেয়। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


