লোভে পাপ, পাপে মৃত্যু—এই প্রবাদকে যেন বাস্তবেই প্রমাণ করে দিলেন ভারতের উত্তরপ্রদেশের মৈনপুরী জেলার এক কৃষকের স্ত্রী রিতা। নিজের ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ প্রায় ১০ কোটি রুপি জমা দেখেও তিনি এক মুহূর্তের জন্যও প্রলুব্ধ হননি; বরং সেই অর্থ দ্রুত ফেরত দেওয়ার জন্য উদ্যোগ নেন।

মৈনপুরীর বিছওয়ান এলাকার দেবগঞ্জ গ্রামের বাসিন্দা ও কৃষক পরসভান বাহেলিয়ার স্ত্রী রিতা নবরাত্রির অষ্টমীর দিনে টাকা তুলতে স্থানীয় ব্যাংকে যান। কিন্তু ব্যাংক বন্ধ থাকায় তিনি নিকটবর্তী একটি এটিএমে গিয়ে ব্যালেন্স চেক করেন। তখনই তিনি অবাক হয়ে দেখেন, তার ব্যাংক অব ইন্ডিয়ার অ্যাকাউন্টে জমা রয়েছে ৯ কোটি ৯৯ লাখ ৪৯ হাজার ৫৮৮ রুপি। নিজের চোখকে বিশ্বাস না করতে পেরে তিনি অন্য একটি এটিএমেও গিয়ে আবারও ব্যালেন্স যাচাই করেন এবং প্রমাণ হিসেবে সেটির ভিডিও ধারণ করেন, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এত বড় অঙ্কের অর্থ দেখেও তিনি কোনো লোভে পড়েননি। বরং পরিবারের সদস্যদের স্পষ্টভাবে নির্দেশ দেন, এই টাকা থেকে কিছুই ব্যবহার না করতে। তিনি মনে করেন, এটি তার প্রাপ্য নয় এবং দ্রুত ব্যাংকের কাছে ফিরিয়ে দেওয়া উচিত।
স্থানীয়দের মতে, যেখানে অনেকেই সামান্য অর্থের জন্য নীতি বিসর্জন দেয়, সেখানে রিতা অভাবের মধ্যেও অসাধারণ সততার পরিচয় দিয়েছেন, যা সত্যিই অনুকরণীয়।
ঘটনাটি জানার পর ব্যাংক অব ইন্ডিয়ার করিমগঞ্জ শাখার ম্যানেজার ঋষিকান্ত পাণ্ডে জানান, এটি সম্ভবত কোনো প্রযুক্তিগত ত্রুটি বা লেনদেনজনিত ভুলের ফল। ব্যাংক পুনরায় খোলার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে পুরো এলাকায় রিতার এই সততা ও নৈতিকতার জন্য ব্যাপক প্রশংসা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


