রংপুরে ‘ডিশ-ইন্টারনেট’ ব্যবসা দখলকে কেন্দ্র করে বেডরুমে গিয়ে স্ত্রী-সন্তানকেসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় গ্রেপ্তার হওয়া বহিষ্কৃত যুবদল নেতা তামজিদুর রশিদ গালিব ও জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুন জামিন পেয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাশেদ হোসাইন পাঁচ শ টাকার বন্ডে পিয়ার পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন। আদালতের এ আদেশের পর আইনজীবীদের তৎপরতায় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এর আগে গত রবিবার নগরীর প্রেস ক্লাবের সামনে রাতে ‘মায়া সাইবার ওয়ার্ল্ড’ নামক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং মোবাইল ফোনে কর্মকর্তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগে ওই দিন রাতেই দুটি পৃথক মামলা করা হয়।
মামলা দায়েরের পর গতকাল সোমবার রাতে যৌথ অভিযানে র্যাব-১৩ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা অভিযুক্ত গালিব ও মিথুনকে গ্রেপ্তার করে।
মামলা সূত্রে জানা যায়, নগরীর কামাল কাছনা এলাকায় পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসীরা ইন্টারনেট লাইনের সংযোগ কেটে দেয়। এতে শতাধিক গ্রাহক মারাত্মক ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মায়া সাইবার ওয়ার্ল্ডের পপ ম্যানেজার রেবেকা হারুন সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিবরণ তুলে ধরেন।
অভিযোগে বলা হয়, গত রবিবার বিকেলে গালিব, আকিবুল রহমান মনু ও তাদের সহযোগী আনুমানিক ১৫-২০ জন ব্যক্তি প্রতিষ্ঠানের অফিসে ঢুকে স্টাফদের ওপর হামলা চালান। এ সময় তামজিদুর রশিদ গালিবের নির্দেশে অফিসের ল্যাপটপ, কম্পিউটার ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম ভাঙচুর করা হয়। একই সঙ্গে কামাল কাছনা এলাকায় গালিবকে নতুন ফিড অপারেটর হিসেবে নিয়োগ দিতে চাপ প্রয়োগ করা হয়।
এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার মাহাদী হাসান কাফিকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, আকিবুল রহমান মনু তাকে উদ্দেশ করে বলেন, ‘তুই আওয়ামী লীগের দালালি করছিস। আজ বিকেলের মধ্যে সমাধান না করলে তোর বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ তোকে গুলি করে আসব।’ এমন হুমকির পর কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর কোতোয়ালি থানায় ‘ক্যাবল ওয়ান’ ও ‘মায়া সাইবার ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষ পৃথক দুটি মামলা দায়ের করে। মামলায় তামজিদুর রশিদ গালিব, আকিবুল রহমান মনুসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়।
এদিকে ঘটনার পর সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত দুই নেতাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি-আদর্শ ও সংহতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।
মামলার তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ঘটনার সিসিটিভি ফুটেজ ও মোবাইল কল রেকর্ড যাচাই করা হচ্ছে। ভাঙচুরে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণেও কাজ চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, প্রভাবশালী পরিচয় বা রাজনৈতিক সংশ্লিষ্টতা তদন্তে কোনো প্রভাব ফেলবে না।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে জামিন মঞ্জুর হলেও মামলার কার্যক্রম চলমান থাকবে বলে আদালত সূত্র জানিয়েছে। ভুক্তভোগী প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ব্যবসায়িক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমন সহিংসতা রংপুরের প্রযুক্তি খাতে উদ্বেগ তৈরি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


