সাইফুল ইসলাম : রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা নির্ধারিত সময়ে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় ইফতারের পর বেশ কিছু সময় অপেক্ষা করতে হয় উপস্থিত অতিথি ও আয়োজকদের। তবে দেরিতে পৌঁছে তিনি বিনয়ের সঙ্গে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। মন্ত্রীর এই বিনয়ী আচরণে উপস্থিতরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং তাকে মানবিক ও বিনয়ী বলে উল্লেখ করেন এবং প্রশংসায় ভাসান।

রবিবার সন্ধ্যায় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত চিকিৎসক সম্মিলন ও ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংসদের অধিবেশন চলমান থাকায় এবং আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনাজপুর সফর উপলক্ষে বিমানবন্দর পরিদর্শনসংক্রান্ত প্রস্তুতির কারণে অনুষ্ঠানে আসতে দেরি হয়েছে। ইফতারের পর আপনাদের অপেক্ষা করতে হয়েছে, এতে অনেকের কষ্ট হয়েছে। বিষয়টি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী আমাদের সবাইকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর একমাত্র লক্ষ্য দেশ ও দেশের মানুষ। তিনি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সবাইকে সততা ও আদর্শ নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। আমাদের সবার দায়িত্ব হলো—রোগীরা যেন যথাযথ সেবা পান। চিকিৎসাসংশ্লিষ্টদের আচরণও ভালো হতে হবে। কারণ ভালো ব্যবহারের মাধ্যমে একজন রোগীকে অর্ধেক সুস্থ করে তোলা যায়।
তিনি আরও বলেন, দেশের মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। দেশের প্রতিটি মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাবেন। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্যব্যবস্থার মূলভিত্তি হিসেবে গড়ে তোলা হবে।
উপস্থিত সবার কাছে দোয়া চেয়ে মন্ত্রী বলেন, আপনাদের ভোটেই আমি আজকের অবস্থানে এসেছি। এজন্য আমি কৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা সঠিকভাবে পালন করতে পারি। একই সঙ্গে মানিকগঞ্জবাসীর জন্য সুনাম বয়ে আনতে এবং তাদের প্রত্যাশা পূরণ করতে পারি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেডআরএফের নির্বাহী পরিচালক, ড্যাব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
ড্যাবের সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমানের সঞ্চালনায় এবং সভাপতি ডা. বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন—ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. এ.কে.এম. খালেকুজ্জামান দিপু, মানিকগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা জাহিদ কামাল এবং মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল করিম।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ.কে.এম. মোফাখখারুল ইসলাম, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সিনিয়র চিকিৎসক এবং ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


