মৃত বাবার ব্যবহৃত সিম কার্ড হারানোর পর তা পুনরুদ্ধার করতে গ্রামীনফোন সেন্টারে গিয়ে ভোগান্তির শিকার হয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের মা।

সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্রাহকসেবা কেন্দ্রে হয়রানির শিকার হওয়ার কথা তুলে ধরেন।
পোস্টে মিষ্টি জান্নাত জানান, তার মৃত বাবার ব্যবহৃত Grameenphone-এর একটি সিম কার্ড মোবাইল চুরির ঘটনায় হারিয়ে যায়। সিমটি পুনরায় তুলতে তার মা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট সেন্টারে গেলে প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করানোর পর জানানো হয়, জন্মসনদ, মৃত্যুসনদ, বাবার আগের এনআইডি এবং ওয়ারিশদের এনআইডির মূল কপি (অরিজিনাল) ছাড়া সিম ইস্যু করা হবে না; ফটোকপি গ্রহণযোগ্য নয়।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে নায়িকা প্রশ্ন তোলেন, একটি সিম যাচাই করতে তিন ঘণ্টা সময় কেন লাগবে?
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, সেন্টারের ভেতরে তাদের ওয়াশরুম ব্যবহার করতে দেওয়া হয়নি। তার মা ডায়াবেটিসের রোগী হওয়া সত্ত্বেও প্রায় ২০ মিনিট হেঁটে অন্যত্র গিয়ে ওয়াশরুম ব্যবহার করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া কর্মীদের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন মিষ্টি জান্নাত। তার ভাষ্য, তাকে সশরীরে যেতে বলা হয়েছে।
পোস্টে পুরো ঘটনাকে ‘হ্যারাসমেন্ট’ উল্লেখ করে এর প্রতিকার কী হতে পারে, তা নিয়েও প্রশ্ন রাখেন তিনি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তবে এ বিষয়ে গ্রামীণফোন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


