ময়মনসিংহের ত্রিশালে চাল ব্যবসায়ী সুশেন চন্দ্র সরকার (৬২) হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে পাওয়া একটি মানিব্যাগের সূত্র ধরেই তাকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শনিবার রাত ১১টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন।
গ্রেপ্তার তাবারক হোসেন আকন্দ কামাল (৫৭) জেলার ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি এলাকার মৃত আব্দুর রশিদ আকন্দের ছেলে।
ময়মনসিংহ জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ ফেব্রুয়ারি রাতে ত্রিশালে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সুসেন চন্দ্র সরকারকে (৬২) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে অজ্ঞাত ব্যক্তিরা। পরে তাকে দোকানের ভেতর ফেলে রেখে শাটার বন্ধ করে রেখে যায় হত্যাকারীরা।
সুসেন চন্দ্র উপজেলার সাউথ কান্দা এলাকায় বগার বাজার চৌরাস্তায় ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামের ওই প্রতিষ্ঠানের মালিক ও উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা।
ঘটনার পরদিন পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা আসামি করে ত্রিশাল থানায় হত্যা মামলা করা হয়।
পুলিশ জানায়, ঘটনার পর ক্রাইমসিনে মরদেহের পাশ থেকে একটি মানিব্যাগ জব্দ করা হয়। ওই মানিব্যাগে থাকা জন্ম নিবন্ধন কার্ডের সূত্র ধরে জেলা গোয়েন্দা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে গাজীপুর থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক তদন্তে তাবারক হোসেন আকন্দ কামাল হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে জানা গেছে। অন্য আসামিদের সঙ্গে পরিকল্পিতভাবে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে ভিকটিমকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে তারা। এ হত্যার ঘটনায় অপর আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


