বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা হাটে মরা গরুর পচা মাংস বিক্রির দায়ে দুই মাংস বিক্রেতাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ জুন) সকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ফয়লা হাটে অভিযান পরিচালনা করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। অভিযানে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমার।
দণ্ডপ্রাপ্তরা হলেন রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সাহেব আলী শেখের ছেলে হারুন অর রশিদ (৪৫) এবং বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার আবু সাঈদ হাওলাদারের ছেলে ইয়ামিন হাওলাদার (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের পাশে একটি গরু মারা যাওয়ার পর হারুন অর রশিদ ও ইয়ামিন হাওলাদার সেই গরুটি জবাই করে মাংস বিক্রির জন্য হাটে নিয়ে আসেন। মাংস থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে ক্রেতাদের সন্দেহ হয়। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, ফয়লা হাটে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা ভেটেরিনারি সার্জনের প্রতিবেদনের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুইজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে জব্দকৃত পচা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



