রাজশাহীতে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে আয়োজিত বিভাগীয় সমাবেশে অংশ নিতে বগুড়া থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী যানবাহনের বিশাল বহর নিয়ে যোগ দিয়েছেন।

শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সমাবেশ সফল করতে বগুড়া জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। সকাল থেকেই শতাধিক বাস ও একাধিক মাইক্রোবাস নিয়ে নেতাকর্মীরা রাজশাহীর উদ্দেশে যাত্রা করেন।
জামায়াতের নেতাকর্মীদের তথ্য অনুযায়ী, বগুড়া মহানগর শাখা থেকে প্রায় ৫০টি বাস ও কয়েকটি মাইক্রোবাসে করে প্রায় সাড়ে তিন হাজার কর্মী রওনা দেন। অন্যদিকে জেলা শাখা থেকে প্রায় ৭৫টির বেশি বাস ও কয়েকটি মাইক্রোবাসে করে আরও প্রায় সাড়ে ছয় হাজার নেতাকর্মী অংশ নেন। সব মিলিয়ে ১২৫টিরও বেশি বাস ও অন্তত এক ডজনের মতো মাইক্রোবাসে করে তারা সমাবেশে যোগ দেন। এর বাইরে আরও অনেকে নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন যানবাহনে রাজশাহীতে পৌঁছান।
বগুড়া জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক নুর মোহাম্মদ আবু তাহের জানান, “আমরা ইতোমধ্যে সমাবেশস্থলে পৌঁছে গেছি। জেলা ও মহানগর মিলিয়ে প্রায় ১০ হাজার নেতাকর্মী এই সমাবেশে অংশ নিয়েছেন।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। এতে সভাপতিত্ব করবেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



