বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোরে জেলা সদরের সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ৪০ জন যাত্রী নিয়ে সৌদিয়া পরিবহনের একটি বাস বান্দরবান আসছিল। ভোর পাঁচটার দিকে বাসটি সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার পাহাড়ি আঁকাবাঁকা ঢালু পথ দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারায় এবং গভীর খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা অধিকাংশ যাত্রীই গুরুতর আহত হন। তাদের মধ্যে মিলন চন্দ্র দাশ (২৬), রিমন দাশ (২৭), রিয়াদ (২৫) ও নাফি রিজুয়ান (২৮) গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। তাদের প্রথমে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ধীমান দাশ জানান, বাসের অধিকাংশ যাত্রীই কমবেশি আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


