বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে এক ঐতিহাসিক অর্জনের সাক্ষী হলো জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ। এই প্রথম কোনো রক ব্যান্ড হিসেবে তারা পাচ্ছে দেশের অন্যতম রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক। ২০২৬ সালের একুশে পদকের জন্য ঘোষিত তালিকায় ৯ জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে এই ব্যান্ডটি।

অবিশ্বাস্য হলেও সত্য, একুশে পদক পাওয়ার খবরটি ওয়ারফেজ জানতে পারে ঠিক মঞ্চে ওঠার আগমুহূর্তে। মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার মাত্র চার মিনিট আগে তাদের কাছে পৌঁছে যায় এই আনন্দের সংবাদ। খবরটি শোনার পর ব্যান্ড সদস্যরা আবেগে একে অপরকে জড়িয়ে ধরেন—এই অনুভূতির কথা তারা নিজেরাই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক হৃদয়ছোঁয়া পোস্টে।
ওয়ারফেজ তাদের পোস্টে জানায়, এই সম্মাননা শুধু একটি ব্যান্ডের অর্জন নয়; এটি পুরো দেশের ব্যান্ড সংগীত জগতের স্বীকৃতি। তারা বলেন, তাদের এই সাফল্যের পেছনে রয়েছে বর্তমান ও প্রাক্তন সদস্যদের অবদান, পরিবারের নিঃস্বার্থ সমর্থন, বন্ধুদের ভালোবাসা এবং সেইসব মানুষ—যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবসময় পাশে থেকেছেন। এই সম্মাননা বাংলা ব্যান্ড সংগীত কমিউনিটির জন্য একটি বড় মাইলফলক বলেও উল্লেখ করে ব্যান্ডটি।
ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে ওয়ারফেজ আরও জানায়, যারা বছরের পর বছর তাদের গানকে ভালোবেসেছেন এবং এই পর্যায়ে পৌঁছাতে অনুপ্রেরণা জুগিয়েছেন, এই অর্জন তাদের সবার।
একুশে পদকপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
উল্লেখ্য, সরকার ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান করেছিল গত বছরের জুলাই মাসের শেষ দিকে। ৩০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হয়। দীর্ঘ যাচাই-বাছাই শেষে সংগীত ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ওয়ারফেজের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


