বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। মুন্সিগঞ্জের পদ্মাপাড়ে স্থানীয় ফুটবলপ্রেমীদের সঙ্গে প্রীতি ম্যাচে অংশ নিয়ে তিনি এ আশা প্রকাশ করেন।

শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় পদ্মা নদীর তীরে স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ এক ফুটবল ম্যাচে অংশ নেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত। খেলা শেষে তিনি পদ্মা নদী ও পদ্মা সেতুর মনোরম পরিবেশও ঘুরে দেখেন।
রাষ্ট্রদূতের আগমনকে ঘিরে পদ্মাপাড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সাপ্তাহিক ছুটির দিনে শত শত আর্জেন্টিনা সমর্থক সেখানে ভিড় জমান। রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ এবং একসঙ্গে ফুটবল খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তরুণ থেকে প্রবীণ সব বয়সী সমর্থকরা।
ম্যাচ শেষে বক্তব্যে মার্সেলো কার্লোস সেসা বলেন, “এখানে সবার সঙ্গে সময় কাটাতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমি আশা করি, বাংলাদেশ ফুটবল খেলা চালিয়ে যাবে এবং একদিন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করবে।”
এর আগে তিনি উপস্থিত আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে প্রীতি ম্যাচে অংশ নেন। খেলায় তার সঙ্গে মাঠে ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং লৌহজং উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী।
প্রীতি ম্যাচে দুই দলের কেউই গোলের দেখা না পেলেও মাঠজুড়ে ছিল উৎসবের আবহ ও দর্শকদের ব্যাপক উচ্ছ্বাস। খেলাটির মূল আকর্ষণ ছিল আর্জেন্টিনার রাষ্ট্রদূতের অংশগ্রহণ এবং স্থানীয় ফুটবলপ্রেমীদের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ সময় কাটানো।
ফুটবলের প্রতি বাংলাদেশিদের গভীর ভালোবাসার প্রশংসা করে রাষ্ট্রদূতের এই আশাবাদী মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তার বিশ্বাস, ধারাবাহিক উন্নয়ন ও প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশও বিশ্ব ফুটবলের বড় মঞ্চে জায়গা করে নিতে সক্ষম হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



