সৌদি আরবের হজ ও উমরাহমন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ চলতি বছরের বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। তিনি এ বছরের হজ কার্যক্রমকে দক্ষ, সুশৃঙ্খল ও সফলভাবে পরিচালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

বুধবার (১০ জুন) সৌদি আরবের রিয়াদে দ্য পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টারে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ মন্তব্য করেন বলে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে সৌদি হজমন্ত্রী ধর্মমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা জানান এবং হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে হজ ব্যবস্থাপনা আরও উন্নত করতে বাংলাদেশকে সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে ২০২৭ সালের হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
অন্যদিকে ধর্মমন্ত্রী কায়কোবাদ সৌদি সরকারের সার্বিক হজ ব্যবস্থাপনার উন্নয়নের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি হজযাত্রীদের নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং বিভিন্ন সেবার মানোন্নয়নের জন্য সৌদি বাদশাহ, ক্রাউন প্রিন্স ও হজ মন্ত্রণালয়ের ভূমিকার প্রশংসা করেন।
তিনি আরও জানান, হজ ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশ ভবিষ্যতেও সৌদি আরবের পাশে থাকবে।
বৈঠকে বাংলাদেশি রাষ্ট্রদূত ও হজ কাউন্সিলরসহ উভয় দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



