বরগুনা সদর উপজেলায় স্কুলের পাশে বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার ফুলঝুড়ি স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা সবাই ওই স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্রী। বর্তমানে তারা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অসুস্থ শিক্ষার্থীরা হলো—হাবিবা, জান্নাতি, ইয়াসমিন, মিম, জান্নাতি, ঐশী, রিয়া মনি, মনিরা, রুমি, কারিমা ও রিয়া মনি।
স্থানীয় ও স্কুল সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে বরগুনায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। ক্লাস চলাকালীন হঠাৎ স্কুলের সামনে একটি তালগাছে বজ্রপাত হলে বিকট শব্দ সৃষ্টি হয়। এতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ১২-১৩ জন শিক্ষার্থী আতঙ্কিত হয়ে ক্লাসরুমেই অসুস্থ হয়ে পড়ে। অনেকে ভয়ে বাকরুদ্ধ হয়ে যায় এবং কয়েকজনের শ্বাসকষ্ট শুরু হয়। শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে স্কুলের হাইজিন কর্নারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার উন্নতি না হওয়ায় তাদের প্রথমে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে এবং পরে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ফুলঝুড়ি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মোসা. রুনা বলেন, ক্লাস চলাকালীন বৃষ্টি শুরু হলে হঠাৎ স্কুলের সামনে থাকা তালগাছে বজ্রপাত হয় এবং বিকট শব্দে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের বেশিরভাগই তৃতীয় তলায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ক্লাসে ছিল। আর নবম শ্রেণির শিক্ষার্থীরা চারতলায় ছিল।
স্কুলের সহকারী শিক্ষক মো. ওবায়দুল কবির জানান, বজ্রপাতের শব্দে তৃতীয় তলায় থাকা শিক্ষার্থীরা বেশি আতঙ্কিত হয়ে পড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনকে জানানো হয় এবং পরে তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. মাহফুজুর রহমান জানান, শিক্ষার্থীদের বয়স কম হওয়ায় তীব্র শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়ে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। মূলত প্যানিক অ্যাটাক বা মানসিক আতঙ্কের কারণেই তারা অসুস্থ হয়েছিল। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


