বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চাল আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবিরের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিএনপির কিছু নেতাকর্মী তাকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে বিষয়টি তদন্তে উপজেলা প্রশাসন একটি কমিটি গঠন করেছে।

চাল আত্মসাত

Advertisement

সোমবার (৯ মার্চ) দুপুরে নিয়ামতি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল লোক চেয়ারম্যান হুমায়ন কবির ও তার সহযোগীদের মারধর করতে করতে ইউনিয়ন পরিষদ ভবন থেকে বাইরে নিয়ে যাচ্ছে। একপর্যায়ে হামলাকারীদের হাত থেকে বাঁচতে হুমায়ন কবির দৌড়ে আবার কার্যালয়ের ভেতরে আশ্রয় নেন।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি নিয়ামতি ইউনিয়ন পরিষদে ভিজিডি কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ ওঠে। এ অভিযোগের পর বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ একটি তদন্ত দল ইউনিয়ন পরিষদে পাঠান। তদন্তে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ চাল আত্মসাতের কোনো প্রমাণ পাননি বলে জানান।

এ ঘটনার জেরে সোমবার সকালে নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার তার অনুসারীদের নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে চেয়ারম্যান হুমায়ন কবিরের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী চেয়ারম্যান হুমায়ন কবির বলেন, তার বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগটি মিথ্যা। সংশ্লিষ্ট কর্মকর্তারা তদন্ত করে কোনো প্রমাণ পাননি। তারপরও বিএনপি নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ বলেন, তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের প্রাথমিক কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাদের উপস্থিতিতে এমন হামলার ঘটনা ঘটায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে বলে জানান।

অভিযুক্ত বিএনপি নেতা সোহেল সিকদার বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগের কথা শুনে তারা ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন। তবে পরিস্থিতি এমনভাবে উত্তপ্ত হয়ে হামলার ঘটনা ঘটবে তা তিনি ভাবেননি।

বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান মিয়া জানান, এ ধরনের একটি ঘটনার কথা তিনি শুনেছেন। দলের নেতাদের সঙ্গে আলোচনা করে হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, নিয়ামতি ইউনিয়ন পরিষদে একটি ঝামেলার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, ইউপি চেয়ারম্যানকে মারধরের একটি ভিডিও তিনি দেখেছেন। ঘটনার সত্যতা যাচাই করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদের তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.