বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বাবুগঞ্জ উপজেলা থেকে বিএনপি নেতা রাজন শিকদারকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।

রাজন শিকদার রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। গত বছরের ৭ ডিসেম্বর এবি পার্টির প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ (ব্যারিস্টার ফুয়াদ)-এর ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজকর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গেলে সেনাবাহিনীর একটি গাড়ি এসে তাকে আটক করে। আটকের খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে এসে সেনাবাহিনীর গাড়ির সামনে অবস্থান নেন। এ সময় সেখানে উপস্থিত হন বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেনাবাহিনীর সদস্যরা রাজনকে গাড়িতে করে বাবুগঞ্জের দিকে নিয়ে যান। যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর স্থানীয়দের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেছিলেন এবি পার্টির প্রার্থী ফুয়াদ। এ সময় তাকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘিরে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আটক রাজনকে ওই ঘটনার সময় সক্রিয় ভূমিকায় দেখা যায়।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এহতেশামুল ইসলাম বলেন, যৌথবাহিনী এখনও রাজন শিকদারকে থানায় হস্তান্তর করেনি। হস্তান্তরের পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


