সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) ফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর বাসায় গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পরাজিত প্রার্থী শিশির মনির। তিনি এই আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করেন।

আজ শুক্রবার এই আসনের বিজয়ী প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানাতে তার বাসায় যান শিশির মনির। তাকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি খাওয়ান তিনি।
এ সময় শিশির মনির আশা প্রকাশ করেন, দিরাই-শাল্লার সার্বিক উন্নয়নে তারা একসঙ্গে কাজ করবেন। এলাকার স্বার্থে যেকোনো প্রয়োজনে ডাকলে পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
এর আগে ফল ঘোষণার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যেম নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন জানান শিশির মনির। তিনি ওই পোস্টে বলেন, ‘আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন।
আপনাকে ফুলেল শুভেচ্ছা।’
পরে আরেক পোস্টে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিশির মনির বলেন, প্রিয় দিরাই-শাল্লাবাসী। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আশা করি অচিরেই আপনাদের সাথে দেখা হবে— কথা হবে।
দিরাই-শাল্লার জন্য আমরা আমাদের কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ।
নির্বাচনে বেসরকারি ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী পেয়েছেন ৯৯ হাজার ৫২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট। এ আসনে মোট ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৪ দশমিক ৭৩ শতাংশ ভোটার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


