বিশেষ প্রতিনিধি : কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী অভাবনীয় সাফল্য অর্জন করেছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও হিফজ ও কিতাব বিভাগের শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান ধরে রেখে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রেখেছে।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, কিতাব বিভাগের শরহে বেকায়া জামাতে সারাদেশে প্রথম ও তৃতীয় স্থান, কাফিয়া জামাতে প্রথম স্থান এবং ইবতেদায়ী জামাতে চতুর্থ ও পঞ্চম স্থান অর্জিত হয়েছে। কিতাব বিভাগ থেকে মোট ১১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ৯৯ জন মুমতাজ (এ প্লাস) পেয়ে উত্তীর্ণ হয়েছে।
অন্যদিকে হিফজ বিভাগেও ধারাবাহিক সাফল্য বজায় রেখে সারাদেশে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এ বিভাগে ৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ জন মুমতাজ (এ প্লাস) পেয়ে উত্তীর্ণ হয়েছে, যা একটি বিরল কৃতিত্ব হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা এ সাফল্যকে মহান আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তারা বলেন, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।
উল্লেখ্য, দেশ-বিদেশে আয়োজিত বিভিন্ন হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা বরাবরই কৃতিত্বের স্বাক্ষর রাখছে। তবে সংশ্লিষ্টরা মনে করেন, অনেক মেধাবী হাফেজ কুরআন শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ থেকে কিতাবি ইলম অর্জনে আগ্রহ হারিয়ে ফেলে, যা পূর্ণাঙ্গ আলেম গঠনের ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ প্রেক্ষাপটে হিফজ ও কিতাব বিভাগের সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সমন্বিত উদ্যোগ ভবিষ্যতে আরও দক্ষ ও জ্ঞানসমৃদ্ধ আলেম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


