মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শাসনব্যবস্থায় সর্বক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন এবং সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, এই নীতির অংশ হিসেবেই মন্ত্রণালয়ে অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় রোধে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার না করে পাখা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার দুপুরে টাঙ্গাইলের সখিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে খরিপ-১ মৌসুমে আউশ ধান চাষ ও উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং প্রাণিসম্পদ খাতে দুগ্ধ উন্নয়ন প্রকল্পের আওতায় খামারিদের উপকরণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, পূর্ববর্তী সরকারের সময় দুর্নীতির কারণে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব হয়নি। ফলে বর্তমান সরকারকে প্রায় শূন্য অবস্থা থেকে কাজ শুরু করতে হয়েছে।
তিনি জানান, সরকার দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং একটি স্বনির্ভর অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। জনগণের সম্মিলিত সহযোগিতা থাকলে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করে আগামী পাঁচ বছরের মধ্যে সীমিত সম্পদ ও আয়ের মধ্য দিয়েই বাংলাদেশকে অন্তত মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


