চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী এলাকায় বিদেশি পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৮ এপ্রিল) রাতে ডিবি উত্তর বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আতুরার ডিপো এলাকার কামারাবাদ মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতার ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম (৪৪)। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও চুরিসহ মোট পাঁচটি মামলা রয়েছে।
ডিবি সূত্র জানায়, অটোরিকশায় থাকা অবস্থায় এক ব্যক্তি চেকপোস্ট দেখে নেমে পালানোর চেষ্টা করেন। পরে ডিবি সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালালে কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্রটির গায়ে “মেড ইন ইউএসএ” লেখা ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি জানিয়েছেন, তিনি অস্ত্রটি সঙ্গে নিয়ে নগরের বিভিন্ন এলাকায় চলাফেরা করতেন এবং ভয়ভীতি দেখানোসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে এটি ব্যবহার করা হতো।
তদন্তে জানা গেছে, সাইফুল ইসলাম বায়েজিদ, অক্সিজেন, বালুছড়া, হামজারবাগ ও মুরাদপুরসহ বিভিন্ন এলাকায় সক্রিয় ছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানিয়েছেন, এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে নতুন মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি অস্ত্রটির উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


