বিগত দুই সরকারের সময়ে দেশের শিশুদের সময়মতো হামের টিকা নিশ্চিত না করাকে “অপরাধমূলক ব্যর্থতা” হিসেবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকাল ১১টায় এই অনুষ্ঠান শুরু হয়।
তিনি বলেন, বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও আধুনিক করার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই এই সম্মেলনের মূল লক্ষ্য।
এই সম্মেলনের মাধ্যমে সরকারি নির্দেশনা দ্রুত তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন এবং স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


