বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬ এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকে সিডবল (বীজ সমৃদ্ধ মাটির বল) নিক্ষেপের উদ্যোগ নেওয়া হয়েছে। এ পদ্ধতির মাধ্যমে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে বনায়ন কার্যক্রম পরিচালনা করা হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী ১৩ জুন দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মহাকর্মসূচির উদ্বোধন করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় বিমানবাহিনী বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬ বাস্তবায়ন করছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৬ জুন) ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের পরিকল্পনার কথাও জানানো হয়।
বনায়ন কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ করে উপকূলীয় অঞ্চল ও পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় হেলিকপ্টারের সাহায্যে সিডবল ছিটিয়ে বীজ বপন করা হবে। এ পদ্ধতির মাধ্যমে সহজে বনাঞ্চল বিস্তারের লক্ষ্য নেওয়া হয়েছে।
আইএসপিআর আরও জানায়, এর আগেও দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে এ ধরনের বীজ নিক্ষেপ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচিতে অংশ নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



