ঘর মানেই শুধু মানুষে ভরা নয়—সেখানে থাকে ভালোবাসা, অভিমান, দায়বদ্ধতা আর নীরব নির্ভরতার গল্প। এমনই এক আবেগঘন পারিবারিক বয়ান নিয়ে আসছে চরকির অরিজিনাল ফিল্ম ‘মিউ’। যেখানে মানুষের সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি পোষা প্রাণীর প্রতি মমতার প্রশ্নও উঠে এসেছে আমাদের ওপর নির্ভরশীল প্রাণীগুলোকে আমরা আসলে কতটা যত্নে রাখি?

ফিল্মটি পরিচালনা করেছেন আতিক জামান। তার ভাষ্য, ‘এটি মূলত একটি পরিবারের গল্প, যেখানে সম্পর্কের জটিলতা, অনুভূতির ভাঙাগড়া এবং মানবিক টানাপোড়েনই গল্পের মূল শক্তি।’
ফিল্মটিতে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, আফসানা মিমি, আফজাল হোসেন, ইশতিয়াক আহমেদ রুমেল, রাকিব হোসেন ইভন, আজিজুল হাকিম, কাব্যকথা প্রতীতি ও তামান্না হক বর্ণা। গল্পে আজিজুল হাকিম ও আফসানা মিমি সাদিয়া আয়মান ও রাকিব হোসেন ইভনের বাবা–মায়ের চরিত্রে অভিনয় করেছেন।
আফসানা মিমি বলেন, ‘প্রতিটি পরিবারে মা একটি গুরুত্বপূর্ণ চরিত্র। পরিবারকে ধরে রাখতে মা কখনও শাসন করেন, কখনও ভালোবাসেন—এই বাস্তবতাই ফিল্মে তুলে ধরা হয়েছে। অন্যদিকে রাকিব হোসেন ইভন জানান, ছবিতে নিম্নমধ্যবিত্ত শহুরে পরিবারের দায়িত্ব ও প্রত্যাশার চাপের ভেতর বড় ছেলের মানসিক লড়াই ফুটে উঠেছে, যা দর্শকদের নিজেদের জীবনের সঙ্গে মিলে যেতে পারে।’
ফিল্মটির বিশেষ আকর্ষণ সাদিয়া আয়মানের বাস্তব জীবনের পোষা বিড়াল ‘আলু’, যেটি ছবিতে অভিনয় করেছে। অভিনেত্রী জানান, পোষা প্রাণীর সঙ্গে মানুষের গভীর আবেগের সম্পর্ক নিয়েই এই গল্প। শৈশবে তার নিজের পোষা বিড়াল ‘মিউ’ হারিয়ে যাওয়ার ঘটনাও ছবির গল্পের সঙ্গে কাকতালীয়ভাবে মিলে গেছে।
নির্মাতা আতিক জামান জানান, নানা আলোচনা-পর্যালোচনার মাধ্যমে গল্পটিকে আরও মানবিক ও পারিবারিক আবেগে সমৃদ্ধ করা হয়েছে। ফিল্মটি ৪ মার্চ রাত ১২টায় চরকিতে মুক্তি পাবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মো আলম ভূঁইয়া। পারিবারিক দায়িত্ববোধ ও পোষা প্রাণীর প্রতি মমতার এই গল্প দর্শকদের মনে নরম এক দাগ কেটে যাবে, এমন প্রত্যাশা নির্মাতাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


