বিশাল গাড়িবহর, কড়া নিরাপত্তা আর রাজকীয় পোশাক— সবই ছিল ঠিকঠাক। কিন্তু মাঝপথে বাগড়া দিল ‘প্রকৃতির ডাক’। প্রোটোকল ভেঙে রাস্তার ধারেই প্রকাশ্যে প্রস্রাব করে বসলেন নাইজেরিয়ার এক প্রভাবশালী গভর্নর।

সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে বইছে বিতর্কের ঝড়। যদিও ঘটনাটি কোন সময়ের, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। একজন শীর্ষস্থানীয় জনপ্রতিনিধির এমন আচরণে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া; কেউ বলছেন এটি চরম শিষ্টাচারবহির্ভূত কাজ, আবার কেউবা একে দেখছেন নিছক ‘প্রকৃতির ডাক’ হিসেবে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাজকীয় সাদা পোশাকে সজ্জিত ওই গভর্নর হঠাৎ তার গাড়িবহর থামিয়ে দেন। এরপর রাস্তার ধারের একটি দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে পড়েন। এ দৃশ্য দেখে অবাক হন উপস্থিত সাধারণ মানুষ ও পথচারীরা।
কাজ শেষে তিনি পোশাক ঠিক করে প্লাস্টিকের বোতলের পানি দিয়ে হাত ধুয়ে নেন। হাত ধোয়ার সময় কয়েক সেকেন্ডের জন্য বোতলটি মুখে কামড়ে ধরে রাখেন তিনি। এরপর স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে গাড়িতে ওঠেন। এ সময় তার নিরাপত্তাকর্মী ও সঙ্গীরা পাশেই দাঁড়িয়ে ছিলেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক শুরু হয়। অনেকেই একে একজন নেতার জন্য ‘অশোভন’ ও ‘কাণ্ডজ্ঞানহীন’ কাজ বলে সমালোচনা করেছেন। তবে কারও কারও মতে, এটি ছিল পরিস্থিতির বিড়ম্বনা।
এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, “একজন সরকারি কর্মকর্তার এমন আচরণ স্তম্ভিত করার মতো। এটি শিষ্টাচার ও জনজবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলে।”
অন্য একজন লিখেছেন, “আমাদের নেতারা আমাদের লজ্জিত করছেন। তবে লোকটির জন্য মায়াও হচ্ছে। হয়তো পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।”
গভর্নরের পক্ষে সাফাই গেয়ে একজন মন্তব্য করেছেন, “আমি তাকে দোষ দিচ্ছি না। কোটি টাকার গাড়িবহর বা সাইরেন দিয়ে তো আর প্রকৃতির ডাক থামানো যায় না। এমন পরিস্থিতি যে কারও হতে পারে।”
নাইজেরিয়ার গভর্নরদের ঘিরে এমন বিচিত্র ঘটনা এবারই প্রথম নয়। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে কাদুনা রাজ্যের সাবেক গভর্নর নাসির এল-রুফাইকে নিয়ে বিমানবন্দরে চরম নাটকীয়তা তৈরি হয়।
সে সময় তাকে গ্রেপ্তার করতে আসা ডিএসএস কর্মকর্তাদের সামনে সমর্থকরা ‘মানবঢাল’ তৈরি করে বাধা দেয়। এল-রুফাইয়ের আইনজীবীরা তখন গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে পাসপোর্ট ‘চুরির’ অভিযোগ আনেন। পরে সাবেক এই গভর্নর দাবি করেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন ট্যাপ করে তিনি আগেই এই ফাঁদের খবর পেয়ে গিয়েছিলেন। সূত্র- টিএনএক্স.আফ্রিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


