ইরান-যুক্তরাষ্টের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে চলমান অনিশ্চয়তার প্রভাবে বিশ্ববাজারে আবার বেড়েছে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে, যার প্রভাব পড়েছে বাজারে।

মূলত হরমুজ প্রণালী ঘিরে ইরানের কঠোর অবস্থানের কারণেই এই অস্থিরতা তৈরি হয়েছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে তারা এই গুরুত্বপূর্ণ জলপথ উন্মুক্ত করবে না। উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের একটি বড় অংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এটি বন্ধ হওয়ার আশঙ্কায় বৈশ্বিক জ্বালানি সংকটের শঙ্কা তৈরি হয়েছে।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় দুপুর ১২টা ২৫ মিনিটে যুক্তরাষ্ট্রের মানদণ্ডভিত্তিক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪.০৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬.৭৩ ডলারে পৌঁছায়। একই সময়ে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট নর্থ সি অপরিশোধিত তেলের দাম ৩.৬২ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০৫.৬৩ ডলারে দাঁড়ায়।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, এক পর্যায়ে দাম সর্বোচ্চ অবস্থানে পৌঁছালেও পরে কিছুটা কমে আসে। তবে যুদ্ধ পরিস্থিতি আবারও জোরদার হবে কি না—সে অনিশ্চয়তা এখনো কাটেনি। ফলে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং তেলের দামে ওঠানামা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বর্তমান ভূরাজনৈতিক বাস্ততায় তেলের এই উচ্চমূল্য বিশ্ব অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সমাধান না এলে জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা ফেরার সম্ভাবনা কম। সরবরাহ ব্যবস্থায় সামান্য বিঘ্ন ঘটলেও দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


