চূড়ান্ত হয়েছে আসন্ন বিশ্বকাপের ৪৮টি দল। তবে মাঠের লড়াই শুরুর আগেই উত্তাপ ছড়াচ্ছে গ্যালারির টিকিটের দাম। বিশ্বকাপের লাইনআপ চূড়ান্ত হওয়ার পর পুনরায় টিকিট বিক্রি শুরু করেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে যান্ত্রিক গোলযোগ এবং ‘ডায়নামিক প্রাইসিং’-এর মারপ্যাঁচে টিকিটের দাম সাধারণ দর্শকদের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে, ১৯শে জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনাল ম্যাচের একটি টিকিটের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৯৯০ ডলার বা সাড়ে ১৩ লাখ টাকারও বেশি!

গত ডিসেম্বরে ড্র অনুষ্ঠানের পর প্রথমবার টিকিট ছাড়া হলে তখন ফাইনালের সর্বোচ্চ ক্যাটাগরির টিকিটের দাম ছিলো ৮ হাজার ৬৮০ ডলার (সাড়ে ১০ লাখ টাকার বেশি)। স্রেফ কয়েক মাসের ব্যবধানে আকাশ ছুঁয়েছে সেই দাম। শুধু শীর্ষ ক্যাটাগরিই নয়, পাল্লা দিয়ে বেড়েছে সাধারণ মানের টিকিটের দামও। ফাইনালের দুই নম্বর ক্যাটাগরির টিকিটের দাম ৫ হাজার ৫৭৫ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৮০ ডলারে (৯ লাখ টাকার বেশি)। তিন নম্বর ক্যাটাগরির টিকিটের বর্তমান মূল্য ৫ হাজার ৭৮৫ ডলার (৭ লাখ টাকার বেশি), যা আগে ছিল ৪ হাজার ১৮৫ ডলার।
বুধবার টিকিট বিক্রি শুরু হওয়ার পর ফিফার অফিসিয়াল সাইটে ব্যাপক কারিগরি ত্রুটিতে পড়েন ক্রেতারা। ‘লাস্ট মিনিট সেলস ফেজ’ লিঙ্কে ক্লিক করে হাজারো দর্শক ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকলেও টিকিট পাননি। ভুলবশত অন্য লিঙ্কে চলে যাওয়ায় ক্ষোভও প্রকাশ করেন অনেকে। অবশ্য পরে ফিফা জানায়, সমস্যা সমাধান করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও টিকিট ছাড়া হবে।
এবারের বিশ্বকাপে টিকিট বিক্রির ক্ষেত্রে ফিফা ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতি ব্যবহার করছে, যেখানে চাহিদার ওপর ভিত্তি করে দাম বাড়ে অথবা কমে। এই নতুন পদ্ধতির কারণে শুরু থেকেই সমালোচিত হয়ে আসছে ফিফা। এমনকি এ পদ্ধতির তীব্র সমালোচনা করেন মার্কিন কংগ্রেসের ৬৯ জন সদস্য। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে লেখা এক চিঠিতে তারা বলেন, এই আকাশচুম্বী দাম যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে হতে যাওয়া বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে ‘ব্যয়বহুল ও সাধারণের ধরাছোঁয়ার বাইরের’ টুর্নামেন্টে পরিণত করবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
আগামী ১১ই জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম ২ হাজার ৩৫৫ ডলার থেকে বাড়িয়ে ২ হাজার ৯৮৫ ডলার (সাড়ে তিন লাখ টাকার বেশি) করা হয়েছে। অন্যদিকে, ১২ই জুন টরন্টোতে কানাডার প্রথম ম্যাচের টিকিটের মূল্য ২ হাজার ২৪০ ডলার (২ লাখ ৭৫ হাজার টাকা)। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচের সবচেয়ে দামী টিকিটের মূল্য ২ হাজার ৭৩৫ ডলার (৩ লাখ ৩৬ হাজার টাকা) অপরিবর্তিত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


