বিশ্বকাপের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে অননুমোদিত পতাকা আনা বা জাতীয় দলের বিরুদ্ধে স্লোগান দেওয়া হলে ম্যাচ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ক্রীড়া মন্ত্রী আহমদ দোনিয়ামালির বরাতে ইরানি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরান ফিফাকে জানিয়েছে—যেসব স্টেডিয়ামে তাদের জাতীয় দল খেলবে, সেখানে যদি অনানুষ্ঠানিক পতাকা প্রদর্শন বা দলবিরোধী স্লোগান দেওয়া হয়, তাহলে ম্যাচ বন্ধের বিষয়ে দলের ম্যানেজারকে দায়িত্ব নিতে হবে।
মন্ত্রী আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস পাওয়া গেছে যে মিশরের বিপক্ষে ম্যাচ চলাকালীন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না।
এদিকে জানা গেছে, ইরান ও মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার কাছে অনুরোধ করেছিল, সিয়াটল ম্যাচে যেন এলজিবিটিকিউ+ প্রাইড-সম্পর্কিত কোনো কার্যক্রম না থাকে। স্থানীয় আয়োজকেরা প্রাইড উইকেন্ডের সঙ্গে মিল রেখে ম্যাচটিকে ‘প্রাইড ম্যাচ’ হিসেবে ঘোষণা করেছিল।
এর আগে এপ্রিল মাসে ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসের বাইরে এক বিক্ষোভে ইরানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়। বিক্ষোভকারীদের দাবি ছিল, দলটি ইরানি জনগণের পরিবর্তে ইসলামিক বিপ্লবী গার্ডের প্রতিনিধিত্ব করে।
এছাড়া টুর্নামেন্ট শুরুর আগে ইরান দলকে নিয়েও সাংগঠনিক জটিলতা তৈরি হয়েছে। দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, তাদের টিকিট বরাদ্দ বাতিল করা হয়েছে, ফলে আগেভাগে পরিকল্পনা করা সমর্থকরা মাঠে গিয়ে খেলা দেখতে পারছেন না।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, মেক্সিকোর টিহুয়ানায় প্রস্তুতি ক্যাম্পে থাকা ইরান দল গ্রুপ পর্বের ম্যাচের আগের দিনগুলোতে নির্ধারিত সময়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে।
বিশ্বকাপে ‘জি’ গ্রুপে থাকা ইরান ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসে প্রথম ম্যাচ খেলবে। এরপর ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



