বিশ্বকাপে ইরান ও মিশরের ম্যাচকে কেন্দ্র করে নতুন বিতর্কের জন্ম হয়েছে। যুক্তরাষ্ট্রের সিয়াটলে ম্যাচের দিন এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের ‘প্রাইড’ উদযাপনের পরিকল্পনা নিয়ে আপত্তি জানিয়েছে দুই মুসলিম দেশ। তবে ফিফা স্পষ্ট করেছে, শহরের ওই আয়োজনের সঙ্গে বিশ্বকাপ ম্যাচের কোনো সম্পর্ক নেই।

ফিফা জানিয়েছে, ম্যাচ চলাকালে স্টেডিয়ামের ভেতরে রংধনু পতাকা প্রদর্শনের অনুমতি থাকবে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো জোর দিয়ে বলেছেন, সিয়াটলের স্থানীয় আয়োজকদের বার্ষিক প্রাইড সপ্তাহের কর্মসূচি এবং বিশ্বকাপ ম্যাচ সম্পূর্ণ আলাদা বিষয়।
ইরান ও মিশর ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়ে ম্যাচকে ঘিরে আয়োজিত এলজিবিটিকিউ+ সংশ্লিষ্ট অনুষ্ঠানগুলো বাতিল করার আহ্বান জানিয়েছে। ইরানে সমলিঙ্গের সম্পর্ক আইনত নিষিদ্ধ। অন্যদিকে মিশরেও অতীতে সমকামী ও ট্রান্সজেন্ডার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘটনা ঘটেছে।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ইরানের প্রধান কোচ আমির গ্যালেনোই বিতর্কিত বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, “আমাদের লিগে যা নিষিদ্ধ, সে বিষয়ে আমি কথা বলতে চাই না।”
তবে সংবাদ সম্মেলনে তিনি ফিফা আয়োজনে নিজেদের প্রতি বৈষম্যের অভিযোগও তোলেন। তার দাবি, বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ইরানই সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হয়েছে। কোন শহরে কখন পৌঁছাবে এবং কখন ছাড়বে—এসব বিষয়ে তাদের স্বাধীনতা সীমিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
গ্যালেনোই বলেন, “মিস্টার ইনফ্যান্তিনো এবং ফিফা আমাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করেছেন। গত ছয় মাস ধরে তিনি আমাদের বিভিন্ন চ্যালেঞ্জ কমানোর চেষ্টা করেছেন। কিন্তু বাস্তবে যা ঘটেছে, তা তিনিও প্রত্যাশা করেননি।”
এদিকে এক বিবৃতিতে ফিফা সভাপতি ইনফ্যান্তিনো বলেন, “বিশ্বকাপে কোনো ‘প্রাইড ম্যাচ’ অনুষ্ঠিত হচ্ছে না। সেদিন সিয়াটলে একটি ফিফা বিশ্বকাপ ম্যাচ হবে এবং একই সময়ে শহরে অন্য সংগঠনগুলোর কিছু অনুষ্ঠানও চলবে। তবে সেগুলোর সঙ্গে ম্যাচের কোনো সম্পর্ক নেই।”
মাঠের বাইরের বিতর্কে জড়াতে নারাজ ইরানের কোচ। তিনি বলেন, “আমাদের সমস্ত মনোযোগ ফুটবলকে ঘিরে। আমরা দেশের মানুষকে আনন্দ দিতে চাই। মাঠের বাইরে কী ঘটছে, তা নিয়ে আমরা ভাবছি না। আমাদের লক্ষ্য কেবল ভালো ফুটবল খেলা।”
একই সুরে কথা বলেছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসানও। তিনি বলেন, “আমাদের সব মনোযোগ ফুটবলে। সাংগঠনিক বিষয়গুলো ফিফা দেখছে। আমরা মাঠের খেলাতেই মনোযোগ দিচ্ছি এবং ফিফার সব নির্দেশনা ও ফেয়ার প্লের নীতিকে সম্মান করি।”
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মাঠের বাইরের বিতর্ক আলোচনায় থাকলেও দুই দলের কোচই স্পষ্ট করে দিয়েছেন, তাদের মূল লক্ষ্য শুধুই ফুটবল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



