হিন্দি ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনের পরিচিত অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে আর নেই। ৬০ বছর বয়সে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গত ১৭ ফেব্রুয়ারি তিনি মারা গেছেন। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত ও সহকর্মীদের শোকবার্তায় ভরে ওঠে সামাজিক মাধ্যম। দীর্ঘদিন ধরে তিনি ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। অসুস্থতা সত্ত্বেও কাজের প্রতি তার নিষ্ঠা ও পেশাদারিত্ব ছিল অটুট।
সহঅভিনেতা পলাশ দত্ত এক আবেগঘন পোস্টে জানান, শারীরিক দুর্বলতা ও কেমোথেরাপির কষ্ট নিয়েও প্রবীণা শুটিং চালিয়ে গেছেন। তার ভাষায়, তিনি ছিলেন সত্যিকারের ‘আয়রন লেডি’—অদম্য সাহস, মর্যাদা ও হাসিমুখে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করেছেন।
টেলিভিশন ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই সমান স্বাচ্ছন্দ্যে কাজ করেছেন প্রবীণা দেশপাণ্ডে। বলিউডের বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এর মধ্যে রয়েছে ‘রেডি’, ‘গাব্বার ইজ ব্যাক’, ‘এক ভিলেন’, ‘বোম্বে টকিজ’, ‘আলিগড়’ এবং ‘পরমাণু: দ্য স্টোরি অব পোখরান’। সম্প্রতি নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘তাসকারি’-তেও অতিথি চরিত্রে দেখা গেছে তাকে।
তার মৃত্যুতে ভারতীয় বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মী ও অনুরাগীরা স্মরণ করছেন তার কাজের প্রতি নিষ্ঠা ও মানবিক গুণাবলিকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


