জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি অতীতে আওয়ামী লীগের ফাঁদে পড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারিয়েছে এবং বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। একইভাবে সেই বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

শুক্রবার (৫ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপির আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, যারা আজ আপনাদের পাশে থাকার চেষ্টা করছে, তারাই অতীতে আপনার পরিবারের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ছিল। তিনি দাবি করেন, এসব শক্তি বিএনপির বহু নেতাকর্মীর হত্যাকাণ্ড ও নির্যাতনের সঙ্গেও যুক্ত ছিল। একইভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অনেক নেতাকর্মীও তাদের হাতে নির্যাতিত ও নিহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা, শাপলা চত্বর ঘটনা এবং পিলখানা হত্যাকাণ্ডসহ বিভিন্ন আলোচিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার এখনো জনগণের প্রত্যাশা।
অনুষ্ঠানে এনসিপি মতলব উত্তর উপজেলা কমিটির আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে পাঁচজন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতা-কর্মী এনসিপিতে যোগদান করেন বলে আয়োজকরা জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



