সরকারের দায়িত্বহীন বক্তব্য ও রাজনৈতিক প্রশ্রয়ের কারণে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর একটি হাসপাতালে হামলায় আহত ছাত্রশিবির নেতা সালাহউদ্দিনকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ২১ জুন গাইবান্ধায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হন সালাহউদ্দিন। একই ঘটনায় নিহত হন ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারি।
হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশে রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। তিনি অভিযোগ করেন, বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে। একই সঙ্গে তিনি বলেন, জামায়াতের নমনীয়তাকে দুর্বলতা হিসেবে বিবেচনা করা হলে তা সরকারের জন্য বড় ধরনের ভুল হবে।
জামায়াত আমির দাবি করেন, নির্বাচনী প্রক্রিয়ায় নানা ধরনের অনিয়ম ও ‘ইঞ্জিনিয়ারিং’ হওয়া সত্ত্বেও দেশে অস্থিতিশীলতা ও সংঘাত এড়াতে তার দল পরিস্থিতি মেনে নিয়েছে।
তিনি আরও বলেন, দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও ধর্ষণের মতো অপরাধ নির্মূল না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী তাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখবে। তার ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে দেশে আরেকটি গণআন্দোলনের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।
এ সময় ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। তিনি বলেন, বিচার প্রক্রিয়ায় অযৌক্তিক বিলম্ব হলে জনমনে ক্ষোভ সৃষ্টি হবে এবং এর দায় সরকারকেই বহন করতে হবে।
ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান জামায়াত ও ছাত্রশিবির নেতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



