পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম (শানু) বলেছেন, যারা বিএনপিকে মানবে না, তারা ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড পাবে না। তাঁর এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে দলের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা–সমালোচনা শুরু হয়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ২৯ সেকেন্ডের ভিডিওতে শাহ আলমকে বলতে শোনা যায়, ‘যারা আজকের মিটিংয়ে আসেন নাই, তাঁদের ছবি তুলে রাখেন।
আমরা যারা পারিবারিক কার্ড শুরু করেছি, যারা বিএনপিকে মানবে না, তারা ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড পাবে না, দলীয় সুযোগ সুবিধাও পাবে না। দল করবেন, বিএনপি–তারেক রহমানের কথা শুনবেন না, দলের কথা শুনবেন না, আপনাগোরে পূজা দিমু? কোনো সন্ত্রাসী আর চলবে না এ দেশে। সৈয়দ নাই, তালুকদার নাই, জমিদার নাই।’
দলীয় সূত্রে জানা গেছে, গত বুধবার চরবোরহান ইউনিয়নে উপজেলা বিএনপির আয়োজনে একটি কর্মিসভা অনুষ্ঠিত হয়। সেখানে আলোচনা সভার একপর্যায়ে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম। এ সময় তিনি এসব কথা বলেন।
এ বিষয়ে দশমিনা উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম (শানু) বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলীয় নেতাকর্মীদের মধ্যে কিছুটা শৃঙ্খলার ঘাটতি দেখা দিয়েছে। তাই তাদের সংগঠিত করতে এ ধরনের কথা বলেছি।
একটি মহল সম্পূর্ণ বক্তব্য না দেখিয়ে আংশিক ভিডিও ছড়িয়ে দিয়েছে।’
দশমিনা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুল জামান (বাদল) বলেন, তিনি শাহ আলমের বক্তব্য শুনেছেন। তিনি এ ধরনের বক্তব্য দিতে পারেন না। ফ্যামিলি ও কৃষি কার্ড সর্বজনীন। এখানে কোনো দলমতের বিষয় নেই। এমন বক্তব্য দেওয়ায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান (টোটন) বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি ও কৃষি কার্ড চালু করা হয়েছে। নিয়ম অনুযায়ী এসব সুবিধা পাওয়ার অধিকার সব নাগরিকের রয়েছে। এখানে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর বিষয় নেই। তিনি (শাহ আলম) বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


