ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে রাজধানীর প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে পৌঁছান।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সুস্থ ধারার চলচ্চিত্র ও সংস্কৃতিকে উৎসাহিত করতেই মূলত প্রধানমন্ত্রী সরাসরি প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করেছেন।
শায়রুল কবির খান বলেন, “ঈদে মুক্তিপ্রাপ্ত একটি মানসম্মত চলচ্চিত্র দেখতে প্রধানমন্ত্রীর হলে যাওয়া আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য ইতিবাচক বার্তা বহন করে। এতে নির্মাতা ও শিল্পীরা নতুন করে অনুপ্রাণিত হবেন বলে আমরা মনে করি।”
এদিকে ‘বনলতা এক্সপ্রেস’ এরই মধ্যে দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর। প্রযোজনায় রয়েছে বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় হইচই স্টুডিওস এবং সার্বিক সহযোগিতায় রয়েছে ডোপ প্রোডাকশন্স।
ছবিটির গল্প নির্মিত হয়েছে প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে।
অভিনয়ে রয়েছেন দেশের জনপ্রিয় তারকারা। এর মধ্যে আছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজ, লাবণ্য চৌধুরী ও শামীমা নাজনীনসহ আরও অনেকে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সব মিলিয়ে ঈদ মৌসুমে মুক্তি পাওয়া এই সিনেমা দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রীর উপস্থিতি সিনেমাটিকে ঘিরে আলোচনাকে আরও ত্বরান্বিত করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


