জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ‘স্যাক্রেড গেমস’ ও ‘ব্ল্যাক ওয়ারেন্ট’-এর মতো আলোচিত ওয়েব সিরিজে শক্তিশালী অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জন করা এই অভিনেত্রী সম্প্রতি নিজের অসুস্থতার খবর প্রকাশ্যে আনেন। তবে শুধু রোগের খবর নয়, তিনি শোনালেন সাহস, আশা ও লড়াইয়ের এক ব্যক্তিগত গল্প।

অভিনেত্রী জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তার শরীরে গ্রেড ওয়ান ইনফিলট্রেটিং ডাক্টাল কার্সিনোমা ধরা পড়ে, যা প্রাথমিক পর্যায়ের স্তন ক্যানসার। সৌভাগ্যক্রমে রোগটি দ্রুত শনাক্ত হওয়ায় চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ইতোমধ্যে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি এখন সুস্থতার পথে রয়েছেন।
রাজশ্রী সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের বিছানা থেকে একটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দেন। তিনি লেখেন, এই কঠিন খবরটি প্রথমে বাবা-মাকে জানাতে ভয় পেয়েছিলেন। বয়সী বাবা-মা মানসিকভাবে ভেঙে পড়তে পারেন এই আশঙ্কায় তিনি কিছুদিন বিষয়টি গোপন রাখেন। অবশেষে সাহস সঞ্চয় করে তিনি তাদের জানান।
তিনি আরও বলেন, রুটিন চেকআপে বিষয়টি ধরা পড়েছিল বলেই আমি দ্রুত চিকিৎসা শুরু করতে পেরেছি। প্রচুর পরীক্ষা-নিরীক্ষা ও অস্ত্রোপচারের ধাপ পেরিয়ে যেতে হয়েছে। কিন্তু পরিবার, বন্ধু ও ভক্তদের ভালোবাসা আমাকে শক্তি দিয়েছে।
অস্ত্রোপচারের পর বাবা-মায়ের মুখ দেখেই তার ভয় শক্তিতে রূপ নেয় বলে জানান এই অভিনেত্রী। চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সঠিক চিকিৎসা ও দ্রুত শনাক্তকরণ তার সুস্থতার পথ সহজ করেছে। তিনি এখন হাসপাতালে পর্যবেক্ষণে আছেন এবং শিগগিরই বাসায় ফেরার অপেক্ষায়। তার এই ঘোষণা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। সহকর্মী শিল্পী ও ভক্তরা দ্রুত আরোগ্য কামনা করে ভালোবাসা ও সমর্থনের বার্তা দিয়েছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


