ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মোহাম্মদ মুরসালিন (২০) ও নবীর হোসেনের (৫০) পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর নেতারা।

শুক্রবার (২৯ মে) বিকেলে নিহতদের পরিবারের খোঁজখবর নিতে, সমবেদনা জানাতে এবং ঈদুল আজহার শুভেচ্ছা পৌঁছে দিতে দলটির একটি প্রতিনিধি দল তাদের বাড়িতে যায়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের যুব বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমির শিবলী নোমানী, কসবা পৌরসভা আমির হারুন অর রশীদ, জেলা জামায়াতের প্রচার সম্পাদক সাইফুল্লাহ আল আরিফ, উপজেলা শিবির সভাপতি জাহিদ হাসান এবং সেক্রেটারি আহমেদ বাদল।
প্রতিনিধি দল নিহত নবীর হোসেনের মা জাকারিয়া বেগম ও মুরসালিনের বাবার সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।
এ সময় আতাউর রহমান সরকার বলেন, এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো সরকারের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সীমান্তে বাংলাদেশিদের গুলি করে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের ঘটনা বন্ধ না হলে দেশের মানুষ সীমান্ত রক্ষায় আরও সোচ্চার ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



