মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ২০২৬ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য বিশেষ একটি উদ্যোগ গ্রহণ করেছে। ক্যাম্পাসে বিশ্বকাপের সব ম্যাচ বড় পর্দায় উপভোগ করার সুযোগ করে দিতে একটি আধুনিক এলইডি স্ক্রিন স্থাপন করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের উদ্যোগে তৃতীয় একাডেমিক ভবনের সামনে ৮ ফুট উচ্চতা ও ১০ ফুট দৈর্ঘ্যের এই বড় স্ক্রিন স্থাপন করা হবে। প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিতব্য এই স্ক্রিনে বিশ্বকাপ–২০২৬-এর সব ম্যাচ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে।
প্রশাসন সূত্রে জানা যায়, শুধু ম্যাচ সম্প্রচারই নয়, বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের জাতীয় দল ও তারকা খেলোয়াড়দের নিয়ে থিমভিত্তিক ডিসপ্লেও রাখা হবে। এতে শিক্ষার্থীরা খেলা উপভোগের পাশাপাশি স্মরণীয় মুহূর্ত ধারণ ও ছবি তোলার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগকে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর আগে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখানোর দাবিতে একটি স্মারকলিপিও দেওয়া হয়েছিল।
শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা মনে করছেন, এই আয়োজন ক্যাম্পাসে খেলাধুলা, সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একসঙ্গে খেলা উপভোগের মাধ্যমে বিশ্বকাপের আমেজ আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, বিশ্বকাপ শুধু একটি খেলার আসর নয়, এটি বিশ্বজুড়ে আবেগের একটি বড় উৎসব। শিক্ষার্থীরা যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে একসঙ্গে খেলা উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



